দেড় বছর আগে এয়াইকে দিয়ে কোড কেমনে লেখানো যায় সেইটার ঘাটাঘাটি শুরু করি। Cline, Roo, OpenCode ঘুরে Claude Code (CC) এ আটকায়ে যাই প্রায় এক বছর আগে।
ক্লাইন বা রু কোড ব্যবহার আর মডেল সিলেকশন নিয়ে গতবছর লিখেছিলাম।
CC চালানোর স্টাইলেও অনেক পরিবর্তন এনেছি এই এক বছরে। বর্তমানে কীভাবে একে দিয়ে কোড করাই তার একটা নমুনা দেখাচ্ছি এই আর্টিকেলে।
শুরু করি একটা প্ল্যানিঙ ফেজ দিয়ে। কী কী ওর পড়া দরকার বলে দেই। সেগুলা ভালমত বুঝে নিয়ে ওর কী কী নিয়ে চিন্তা করে প্ল্যান করা লাগবে বলে দেই।

সে প্ল্যান দেখায়। পুরাটা মন দিয়ে পড়ি। প্ল্যান অনেক বড় হলে একটা .md ফাইলে লিখে দিতে বলি যেন আরাম করে পড়া যায়। প্ল্যানে কোন পরিবর্তন লাগলে বা কোন বিষয় ভাল না লাগলে সেই ব্যাপারে বলি। যতক্ষণ প্ল্যান ভাল লাগে না চলতে থাকে এই আলাপের লুপ।


প্ল্যান ভাল লাগলে কাজ শুরু করতে বলি।
প্ল্যানে প্রায় সবসময় টেস্টিং আর ভেরিফিকেশন রাখার চেষ্টা করি। আর ওকে বলা থাকে যেন কোড লেখার পরে সব ভেরিফিকেশন (অটোমেটেড আর ম্যানুয়াল) শেষ করে যেন থামে।
এরপর নিজে বা ওকে দিয়েই ম্যানুয়াল ভেরিফিকেশন করাই।
তারপর পুল রিকোয়েস্ট দিতে বলি। সেই পুল রিকোয়েস্টে কোপাইলটকে রিভিউয়ার দেই। অনেক ছোটখাটো জিনিস সেইখানে ধরা পড়ে। নিজে রিভিউ করি দরকার মত।



রিভিউ শেষে কোড মার্জ।
এভাবে প্ল্যান, ইমপ্লেমেন্ট, টেস্ট, ইত্যাদি স্টেজে CC কাজ করে আর আমি চিল করি। বা সেই একই সময়ে অন্য CC সেশনে তদারকি করি। এইভাবেই একই সাথে কয়েকটা কাজ চালাই। একেকটা কাজ নিজে করলে হয়ত আরেকটু দ্রুত করতে পারতাম। কিন্তু প্যারালাল তিন চারটা কাজ চালানো গেলে মোটের উপর লাভ হয়ে দেশের চাহিদা মিটায়ে বিদেশেও রপ্তানি করতে পারি আর কী।
তো এই ফ্লোতে কয়েকটা টুল বেশ আরাম দেয়:
Custom slash command / skill: বারবার ব্যবহার করা লাগে এমন প্রম্পট সেট। যেমন: /check-comments, /add-and-commit এইসবে আমার কিছু ইন্সট্রাকশন দেয়া আছে, কীভাবে করতে হবে, আমার কী স্টাইল পছন্দ। এগুলা CLAUDE.md বা জেনেরিক সিস্টেম প্রম্পটে রাখা কন্টেক্সটের অপচয়। দরকারের আগে প্রম্পট দিলে অযথা কন্টেক্সট নষ্ট হয় আর context poisoning শুরু হয়।
Custom sub agents: coder এর মত কিছু এজেন্ট বানিয়ে রেখেছি। দুইটা উপকার: আমার কাস্টম প্রম্পট যখন দরকার তখন ব্যবহার করা + কন্টেক্সট বাঁচানো। সাব এজেন্ট তার নিজের কন্টেক্সট স্পেসে কাজ করে শুধু রেজাল্ট নিয়ে রিপোর্ট দেয়। ফলে মূল সেশনের কনট্যাক্সটে চাপ কমে যায়।
Plan mode: এই মোডে ওর কাজ শুধু প্ল্যান করা, কোড লেখা শুরু করবে না বা অযথা কিছু করবে না।
Agent team: নতুন ফিচার। বলে দিলেই একসাথে প্যারালালি একাধিক এজেন্ট চালায়ে কাজ করে। সাব এজেন্টের মত কন্টেক্সটের উপর চাপ কমায় + প্যারালালি অনেকগুলা কাজ করা যায়। আবার টিমের এজেন্টগুলা নিজেদের মধ্যে একটু ভাল বোঝাপড়া করে নিতে পারে দরকার মত।
"--dangerously-skip-permissions" মোডে চালাই এখন বেশিরভাগ সময়। তাই বারবার পার্মিশন দেয়ার ঝামেলা কম। ভয় লাগে না অত আগের মত। কারণ, কী কী করা যাবে না সেইটা ইন্সট্রাকশনে বলা আছে আর গার্ড সেট করা আছে। যেমন গিটে main এর মত কিছু ব্রাঞ্চে চাইলেও পুশ করতে পারবে না। সিস্টেম লেভেলে ব্লক করা এগুলা।
অফিসের কাজে অফিসের দেয়া AWS Bedrock এক্সেস আর নিজের কাজে Claude Max subscription চালাই। একসাথে দুই (বা বেশি) কম্পিউটারে কাজ চলে। খেই না হারাতে এই Claudiator বানিয়েছি। সেইটারই একটা চেঞ্জের উদাহরণ দিলাম এখানে। OpenSource আর ফ্রি। চাইলে ব্যবহার করতে পারেন।
Claudiator Repository: https://github.com/ShahadIshraq/claudiator
CC এর সব সেশন তাদের কাজ শেষ হলে বা ইনপুট লাগলে হুক দিয়ে সার্ভারে খবর পাঠায়। সার্ভার থেকে ফোনে নোটিফিকেশন আসে। আর ফোনের app এ সব সেশনের লিস্ট থাকে। এক ঝলকে দেখতে পারি কোন মেশিনে কোন কাজ কোন ফেইজে আছে এখন। হুক, সার্ভার, app তিনটাই CC দিয়ে বানানো।
